ওএসডি থাকা ৯ সচিব বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্বে থাকা দুই সিনিয়র সচিব ও সাত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এই অবসরাদেশ জারি করা হয়।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন— সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান, এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন মনে করেছে। সে অনুযায়ী সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
এছাড়া, বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।



