ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল গুলি উদ্ধার, একজন আটক
বঙ্গবার্তা প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে মো. বখতিয়ার উদ্দিন মঞ্জু (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে সেনাবাহিনীর একটি দল উপজেলার গোপালঘাটা ও নোয়া হাট এলাকায় অভিযান চালায়। খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রথমে নোয়া হাট এলাকার মো. সেলিমের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে কিছু না পাওয়ায় পরবর্তী সময়ে গোপালঘাটা গ্রামের বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশি চালিয়ে সেনাবাহিনী তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, দুটি বিদেশি মদের বোতল, ১৩টি মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, তিনটি চাকু ও একাধিক সিম কার্ড জব্দ করে।
বখতিয়ার উদ্দিনকে অস্ত্র ও অন্যান্য জব্দকৃত সরঞ্জামসহ ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাটি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।



