সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

আলমগীর হুসাইন: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার (Evercare) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বিএনপি সূত্রে খবর, দীর্ঘদিন অসুস্থতার কারণে তিনি গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ ও অন্যান্য জটিল স্বাস্থ্য সমস্যার কারণে তাকে প্রথমে কেবিনে রাখা হয়েছিল, পরে অবস্থার অবনতি ঘটলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) এবং পরবর্তীতে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (ICU) চিকিৎসা দেওয়া হয়।

খালেদা জিয়া দীর্ঘদিন বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্যঝুঁকিতে ভুগছিলেন। এর মধ্যে ছিল লিভার, কিডনি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস এবং শ্বাসকষ্টসহ অন্যান্য ইনফেকশনজনিত রোগ।

তার পরিবারের সদস্য ও স্বজনেরা শেষ মুহূর্তে হাসপাতালে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপি’র কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ড. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট বোন সেলিনা ইসলাম, ভাই শামীম ইস্কান্ডার, এবং দলের নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি সাধারণ জীবন যাপন করতেন এবং পরবর্তীতে সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমান’র সঙ্গে বিবাহিত হন, যার পরপরই তিনি বেগম খালেদা জিয়া নামে পরিচিত হন।

রাষ্ট্রীয় রাজনীতিতে তাঁর আবির্ভাব ১৯৮২ সালে এবং দ্রুতই তিনি জাতীয় রাজনীতির একজন শক্তিশালী ও প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হন।

খালেদা জিয়া ১৯৯১ সালে দেশের প্রথম নির্বাচনজয়ী সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ ও দলের নেত্রী হিসেবে তিনি দীর্ঘ ৪১ বছর দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন।

তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা তৈরি করেছে বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ ও সমর্থকরা। রাজনৈতিক দলের নেতারা গভীরভাবে শোকপ্রকাশ করেছেন এবং মাঠে শোকের ছায়া নেমে এসেছে।

দাফনের সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরবর্তীতে ঘোষণা করা হবে, জানানো হয়েছে বিএনপি সূত্রে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button