সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।
বিএনপির মিডিয়া সেল জানায়, জাতীয় সংসদে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রেক্ষাপটে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।
এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বেলা পৌনে ১১টার পর জাতীয় সংসদ ভবন-এর শপথকক্ষে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শপথ অনুষ্ঠান শুরুর আগে সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে দলের সিদ্ধান্ত তুলে ধরেন।
অনুষ্ঠানে বিএনপি ও জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সামনের সারিতে ছিলেন তারেক রহমান। এ সময় তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও উপস্থিত ছিলেন।



