রাষ্ট্রপতি পদ ছাড়ার ইচ্ছা সাহাবুদ্দিনের, নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালনের ঘোষণা

বঙ্গবার্তা ডেক্স : রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদ ছাড়তে আগ্রহী। তবে আসন্ন জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে দায়িত্বে থাকতে চান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রয়টার্সকে দেওয়া হোয়াটসঅ্যাপ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করছেন। বিশেষ করে গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সঙ্গে কোনো বৈঠক না করা এবং সরকারি বিভিন্ন স্থাপনা থেকে হঠাৎ তার ছবি সরিয়ে ফেলার ঘটনা তাকে মর্মাহত করেছে।
তিনি বলেন, “আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই, যেতে আগ্রহী। কিন্তু নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্বে থাকতে হবে – সংবিধান সেটিই বলে।”
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দেশের দূতাবাস, কনস্যুলেট ও হাইকমিশনগুলো থেকে এক রাতে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার বিষয়টি নিয়ে তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তার ভাষ্যে, এই ঘটনাটি দেশের ভেতরে ও বাইরে ভুল বার্তা দিয়েছে, যেন রাষ্ট্রপতি পদ থেকে তাকে সরানো হচ্ছে – যা তাকে ব্যক্তিগতভাবে অপমানিত করেছে।
রাষ্ট্রপতি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছিলেন, তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
৭৬ বছর বয়সী মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।



