বৃষ্টি উপেক্ষা করেই চলছে জাকসু নির্বাচন

বঙ্গবার্তা প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে আবহাওয়া অনুকূলে থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামায় ভোটারদের ভোগান্তি বেড়ে যায়।
বৃষ্টির কারণে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়লেও অনেকে ছাতা ও রেইনকোট ব্যবহার করে ভোট দিতে আসেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী নাসির বলেন, “৩৩ বছর পর জাকসুর নির্বাচন হচ্ছে। এটা আনন্দের বিষয়। সাময়িক বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও শিক্ষার্থীরা ভোট দিতেই আসবেন।”
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ২৫টি পদের বিপরীতে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দিনভর বৃষ্টির বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের ভোটকেন্দ্রে উপস্থিতি উৎসবের আবহ তৈরি করেছে পুরো ক্যাম্পাসে।



