বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয় : আইন উপদেষ্টা আসিফ নজরুল

বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয় : আইন উপদেষ্টা আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।
বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, সেনা প্রশাসন ও সেনাপ্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সহযোগিতা করেছেন, সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার। তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন, আমরা সেটাকে খুব ইতিবাচকভাবে দেখছি।”
সাবজেলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রাখা নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “ওনাদের কোথায় রাখা হবে, সেটা সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। তারা যেটা প্রয়োজন ও উপযুক্ত মনে করবেন, সেটাই করবেন। এই বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই।”
এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের সাবজেল থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
মামলাগুলোতে গুম, হত্যাকাণ্ড ও জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। মোট ৩২ আসামির মধ্যে ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। আদালত সাত দিনের মধ্যে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দিয়েছে।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর ঢাকা সেনানিবাসের এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চার্জশিটভুক্ত ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন সেনা হেফাজতে আছেন। তাদের মধ্যে নয়জন অবসরে, একজন এলপিআরে এবং বাকিরা কর্মরত। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে সেনা আইন প্রযোজ্য নয় বলেও তিনি জানান।



