বিএনপির প্রার্থী তালিকায় আবারও বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীদের দলে নতুন করে বেশ কিছু আসনে পরিবর্তন এনেছে বিএনপি। তৃণমূলের মতামত ও সংগঠনের অভ্যন্তরীণ বিবেচনা মাথায় রেখে রোববার আরও কয়েকটি আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রার্থী পরিবর্তন করে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতা কবির আহমেদ ভূইয়াকে। শুরুতে এ আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। বয়স ও সক্রিয়তার প্রশ্নে তৃণমূল নেতাদের আপত্তির পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলায় দল। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার নেতা হিসেবে পরিচিত কবির আহমেদ ভূইয়া অতীতে গুমের শিকারও হয়েছিলেন এ কারণে স্থানীয়দের সমর্থন তার পক্ষে রয়েছে বলে মনে করা হয়।


চট্টগ্রামেও দেখা গেছে নতুন পরিবর্তনের তালিকা।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে সরিয়ে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারকে। তিনি রোববার বিকেলে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে, শনিবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের পরিবর্তে প্রার্থী করা হয় আসলাম চৌধুরীকে। একইদিন চট্টগ্রাম-১০ আসনে পরিবর্তন আসে আরও এক ধাপে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ওই আসন থেকে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়। ফলে চট্টগ্রাম-১০ আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পান প্রয়াত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।
ভোট ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপির এই প্রার্থী পরিবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, প্রয়োজন অনুযায়ী আরও কিছু আসনে পরিবর্তনের সম্ভাবনাও উড়ানো যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button