খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জানাবে ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের নেতারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় কমিশনের একটি প্রতিনিধি দল বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।
তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের নেতারা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা করতে পারেন।
রাজনৈতিক মহলে এ সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ কমিশনের এই উদ্যোগকে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সেতুবন্ধনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।



