পিআর পদ্ধতিতে ফ্যাসিস্ট সরকার গঠনের শঙ্কা : সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদকঃ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার গঠিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “পিআর পদ্ধতির মূল উদ্দেশ্য হলো নির্বাচনে বেশি আসন পাওয়া এবং দেশে অনৈক্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা, যাতে কোনো দল এককভাবে ক্ষমতায় আসতে না পারে।” তার মতে, পিআর পদ্ধতি মূলত কম জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর জন্য লাভজনক।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “কোন পদ্ধতিতে ভোট হবে তা বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সংবিধানে বলা আছে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। জামায়াত ইসলামীর উচিত সংবিধান খুলে পড়া, যাতে তারা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারে।”
তিনি অভিযোগ করেন, “কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক ও অরাজনৈতিক দাবির কারণে জাতিকে বিপদের মুখে ফেলা যাবে না। বর্তমান সরকার একটি সাংবিধানিক সরকার। সে অনুযায়ী সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা জরুরি।”
গণমত জরিপের বিষয়ে তিনি বলেন, “একটি জরিপে দেখা গেছে, দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতির অর্থই জানে না। অথচ জামায়াত দাবি করছে, ৭০ শতাংশ মানুষ এই পদ্ধতি চায়। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না।”



