দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান, শুরু হচ্ছে প্রথম জেলা সফর

আলমগীর হুসাইন: দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার বাইরে এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন।
বগুড়া বিএনপির একাধিক নেতা রোববার (৪ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি (রোববার) তারেক রহমান বগুড়ায় পৌঁছে রাতযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায় তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। এরপর তাঁর রংপুর যাওয়ার কথা রয়েছে। যাত্রাপথে তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেন, “ইনশাআল্লাহ বগুড়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়ার সন্তান তারেক রহমান ১১ জানুয়ারি বগুড়ায় আসছেন। তিনি ওই দিন রাতযাপন করবেন এবং পরদিন গণদোয়ায় অংশ নেবেন।”
এদিকে, বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ১২ জানুয়ারি রংপুরে যাওয়ার পথে তারেক রহমান মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করবেন। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানাবেন। পরে শিবগঞ্জের শেষ সীমানা পর্যন্ত তাঁকে দলীয়ভাবে বিদায় জানানো হবে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তাঁর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন।
জেলা প্রশাসক জানান, মনোনয়নপত্রে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া না যাওয়ায় তা বৈধ হিসেবে চূড়ান্ত করা হয়েছে।



