তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: অবশেষে দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে পৌঁছাবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পরেই তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা এল। মা খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনে দলের করণীয় এসব বিবেচনায় তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
২০০৭ সালের এক-এগারোর ঘটনা পর তিনি গ্রেপ্তার হন এবং ২০০৮ সালে মুক্তি পেয়ে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমাকে নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর থেকেই তিনি লন্ডনে অবস্থান করছিলেন এবং সেখান থেকেই দল পরিচালনা করতেন।
দলীয় সূত্র বলছে, দেশে ফেরা উপলক্ষে তার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি এ বিষয়ে যোগাযোগ রাখছে এবং বিশেষ নিরাপত্তার নিশ্চয়তাও পেয়েছে। দেশে ফিরে তিনি গুলশানের ৭৯ নম্বর বাড়ি ‘ফিরোজা’ এবং ১৯৬ নম্বর বাড়ি দুটো মিলিয়ে থাকবেন।
উল্লেখ্য, বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ পাওয়া গুলশানের ১৯৬ নম্বর বাড়িটির নামজারি সম্প্রতি সম্পন্ন করে অন্তর্বর্তী সরকার। প্রায় দেড় বিঘা জমির ওপর নির্মিত বাড়িটির সংস্কার কাজও এখন শেষ পর্যায়ে রয়েছে।
তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপি ও সমর্থকদের মধ্যে ইতোমধ্যেই নতুন করে উদ্দীপনা দেখা দিয়েছে।



