ডাকসু নির্বাচন: বিজয়ীদের অভিনন্দন জানিয়ে শিবিরের নাম নিয়ে প্রশ্ন তুললেন সালাহউদ্দিন আহমেদ

বঙ্গবার্তা প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে এক বিতর্কিত ইস্যুতে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানতে চেয়েছেন, নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের কোনো প্যানেল অংশ না নিলেও তাদের নাম বিজয়ীদের সঙ্গে জড়ানো হচ্ছে কেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, আমি তাদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিছু ক্রটি-বিচ্যুতি থাকতেই পারে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করাই বড় বিষয়।”
তিনি অভিযোগ করেন, “কিছু পত্রিকায় দেখলাম, বলা হচ্ছে ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে। আমার জানা মতে, ছাত্রশিবির তাদের নামে কোনো প্যানেল দেয়নি, এমনকি অংশও নেয়নি। তাহলে এই বিভ্রান্তিকর তথ্য মিডিয়ায় আসছে কেন? সেটাই প্রশ্ন।”
সালাহউদ্দিন আরও বলেন, “আমরা জাতীয়তাবাদী ছাত্রদল আনুষ্ঠানিকভাবে অংশ নিয়েছি। ইসলামী ছাত্র আন্দোলনও তাদের নামে নির্বাচন করেছে। আবার কেউ কেউ স্বতন্ত্র কিংবা শিক্ষার্থীদের ঐক্যজোট ব্যানারে প্রার্থী দিয়েছেন। তবে বিজয়ী যারা হয়েছেন, তারা ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নামে অংশ নিয়েছিলেন। আমি তাদের প্রতি আবারও অভিনন্দন জানাই।”
এই বক্তব্য ঘিরে ডাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



