ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা স্থগিত করল হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়েছে।

বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম রিটটি দায়ের করেছিলেন।

রিটকারীর আইনজীবী আদালতে শুনানিতে দাবি করেছেন জিএস প্রার্থী এস এম ফরহাদের ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। ইতোমধ্যে বিভিন্ন ছাত্রসংগঠন প্যানেল ঘোষণা করেছিল। ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ দিয়েছে আলাদা প্যানেল। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দিয়েছে দুটি প্যানেল। পূর্ণ ও আংশিক মিলে মোট প্যানেল দাঁড়ায় প্রায় ১০টি।

এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সদস্য পদে সবচেয়ে বেশি ২১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আর ১৮টি হল সংসদের ১৩টি পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মোট ১,০৩৫ জন প্রার্থী।

হাইকোর্টের এই আদেশে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ডাকসু ও হল সংসদ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button