ট্রেনে টিকিটবিহীন যাত্রা রোধে অভিযান, একদিনেই আদায় ১৪ লাখ টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক: ট্রেনে টিকিটবিহীন যাত্রী ও বিভিন্ন অনিয়ম বন্ধে কঠোর অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে শনিবার (২০ ডিসেম্বর) রেলওয়ের পশ্চিম ও পূর্ব দুই জোনে একযোগে টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একদিনেই টিকিটবিহীন যাত্রী শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮ শতাধিক এবং ভাড়া ও জরিমানা বাবদ আদায় হয়েছে ১৪ লাখ টাকারও বেশি।
রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পৃথক তথ্যে এ তথ্য জানানো হয়।
পশ্চিম রেলওয়ে জোনে পরিচালিত অভিযানে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ আদায় করা হয় ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা। এ ছাড়া জরিমানা হিসেবে আদায় করা হয় আরও ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা। ফলে একদিনে পশ্চিম জোনে মোট আদায়ের পরিমাণ দাঁড়ায় ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। এ সময় মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়।
অন্যদিকে পূর্ব রেলওয়ে জোনে অভিযানে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ আদায় করা হয় ৪ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা এবং জরিমানা বাবদ আদায় হয় ১ লাখ ৯৩ হাজার ৭৯৫ টাকা। এতে একদিনে পূর্ব জোনে মোট আদায় দাঁড়ায় ৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ টাকা। অভিযানে যাচাই করা হয় ২ হাজার ৭৩৯টি টিকিট।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যাত্রীসেবা নিশ্চিত করা এবং অনিয়ম বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



