জাকসু নির্বাচনে শিবিরের নীলনকশার অভিযোগ তুললেন ছাত্রদল প্রার্থী

বঙ্গবার্তা প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রশাসনের অনিয়ম এবং জামায়াত-শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ সাদী হাসান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজকের নির্বাচন জামায়াতে ইসলামীর মালিকানাধীন প্রতিষ্ঠানের ছাপানো ব্যালট পেপারে অনুষ্ঠিত হচ্ছে। এতে ছাত্রশিবির ব্যালট সংগ্রহ করে আগেই কারচুপির নীলনকশা তৈরি করেছে বলে আমাদের আশঙ্কা।”
তিনি আরও জানান, বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলেও নতুন ব্যালট পেপারের দাবিকে উপেক্ষা করে প্রশাসন পূর্বের সিদ্ধান্তেই নির্বাচন পরিচালনা করছে। তার অভিযোগ, এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা প্রশ্নবিদ্ধ হয়েছে।
শেখ সাদী হাসান বলেন, “আমরা চাই প্রশাসন ও নির্বাচন কমিশন শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করুক। কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে নির্বাচন প্রক্রিয়া যেন প্রশ্নবিদ্ধ না হয়।”



