জাতীয় স্বীকৃতি পেলেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন

বিনোদন প্রতিবেদক: গতকাল সন্ধ্যা ৭টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনের মধ্যে জাতীয় নাট্যশালা মিলনায়তনে বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে তার একক সংগীতানুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট লেখক ও গবেষক বদরুদ্দিন ওমরকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রদর্শিত হয় সাবিনা ইয়াসমিনের জীবন ও সঙ্গীতকে নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘শুধু গান গেয়ে পরিচয়’। ডকুমেন্টারির পরে শিল্পীর জীবনের নানা প্রাসঙ্গিক গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ।
স্মরণীয় দিনটি উদযাপনে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আর সম্মাননা প্রদান করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
সাবিনা ইয়াসমিনের সঙ্গীত ও জীবনের নানা স্মৃতি তুলে ধরেন বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরা, নকিব খান, পার্থ বড়ুয়া, খুরশীদ আলম, রফিকুল আলম ও আবিদা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন।
একক সংগীতানুষ্ঠানে সাবিনা ইয়াসমিন দেশপ্রেমের গান ‘দেশ তোমার জন্য’ দিয়ে মঞ্চ উদ্বোধন করেন এবং পরবর্তীতে গেয়েছেন ‘আমি রজনীগন্ধা ফুলের মত’, ‘তুমি ফুলকে বলো চলে যেতে’, ‘কত সাধনায় এমন ভাগ্য মেলে’ গানগুলো।
প্রসঙ্গত, সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে সাবিনা ইয়াসমিন ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার এবং ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। তার সঙ্গীতকর্মে রেকর্ড করা গান সংখ্যা প্রায় ১৬ হাজার, যার অধিকাংশই চলচ্চিত্রের গান।



