জোবাইদা রহমানের দেশে ফেরার সম্ভাব্য সময় জানালেন মাহদী আমিন
খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার প্রস্তুতি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ তথ্য জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, চিকিৎসা-সংক্রান্ত সকল প্রস্তুতি দ্রুততার সঙ্গেই এগিয়ে চলছে।
জানা গেছে, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন আজই, এবং পরিকল্পনা অনুযায়ী আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাতে পারেন। তবে তার আগেই যদি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সম্পন্ন হয়, তাহলে তাকে পৌঁছানোর আগেই খালেদা জিয়াকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি রয়েছে।
এ ক্ষেত্রে যাত্রা-দলে থাকবেন খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান, বিশেষজ্ঞ চিকিৎসক ও কয়েকজন ব্যক্তিগত সহকারী। ইতোমধ্যে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকা এসে চিকিৎসা-প্রক্রিয়ার প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন।
মাহদী আমিন সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন যে, মেডিকেল বোর্ডের আন্তরিক চেষ্টা, দেশবাসীর দোয়া এবং কূটনৈতিক সহায়তার ফলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছু উন্নতি হয়েছে। সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে তাকে অতি দ্রুত লন্ডনের হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুরো চিকিৎসা-সমন্বয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডা. জোবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক তদারকি করছিলেন এবং এখন স্বশরীরে এসে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন।
খালেদা জিয়া গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে কিডনি, হৃদরোগ ও নতুন নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, আর অন্যতম সদস্য হিসেবে আছেন ডা. জোবাইদা রহমান।
বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার সব ধরনের চিকিৎসা প্রক্রিয়া ব্যক্তিগতভাবে তদারকি করছেন তারেক রহমান।



