২৪ ঘণ্টায় ছাত্রলীগ-আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মী গ্রেফতার
বঙ্গবার্তা প্রতিবেদকঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২৪ ঘণ্টায় ধারাবাহিক অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজাসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ এবং আওয়ামী লীগের মোট ১৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন –
১. নাহিদা নূর সুইটি (৪৮) – কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক
২. মিরাজ সিকদার (২৮) – মতিঝিল থানা ছাত্রলীগের সহ-সভাপতি
৩. মোঃ বায়েজিদ (৪৫) – আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী
৪. মহর আলী (৪০) – উত্তরা পশ্চিম থানা শ্রমিকলীগ নেতা
৫. শেখ ইবনে সাদিক (৩০) – ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি
৬. আমিনুল ইসলাম বিপ্লব (৫৩) – ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক
৭. নিতাই ঘোষ (৬৫) – কোতয়ালী থানা ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক
৮. মোঃ শামীম শিকদার (৪০) – আওয়ামী লীগের কর্মী
৯. ইমতিয়াজ উদ্দীন সুমিত (২৯) – বংশাল থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা
১০. আমির হামজা (২৮) – গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
১১. মোঃ সাকিব কাজী (২৪) – গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক
১২. মোঃ নাদিম শেখ (২২) – রুপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক
১৩. মোঃ রেজওয়ান হাওলাদার (২৯) – যুবলীগ কর্মী।
ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে একে একে এই ১৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় ভিন্ন ভিন্ন ডিবি বিভাগের টিম অংশ নেয়, যেমন গুলশান, লালবাগ, তেজগাঁও, ওয়ারী, মতিঝিল ও উত্তরা বিভাগ।
ডিবি-সাইবার বিভাগের প্রথম অভিযানটি শুরু হয় গত শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কাফরুল থানার কাজীপাড়া এলাকা থেকে। এরপর একে একে রাজধানীর ফকিরাপুল, পূর্ব কাজীপাড়া, তুরাগ, কাটাবন, পরিবাগ, নয়াবাজার, দাড়িপাড়া, বংশাল, এবং অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেফতার করা হয়।
ডিবি’র দাবি অনুযায়ী, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। সূত্র: ডিএমপি নিউজ



