খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এবার চিরাচরিত রীতি ভেঙে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে জাতীয় সংসদ ভবন এর দক্ষিণ প্লাজা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই দিন সকাল ১০টায় একই স্থানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের সময় নির্ধারণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানান, সাধারণত সংসদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনে এবং মন্ত্রিসভার শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাওয়া দল বিএনপির পছন্দ অনুযায়ী সংসদ ভবন চত্বরে উন্মুক্ত স্থানে এই আয়োজন করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে আরও জানানো হয়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব সরকারের মন্ত্রিসভার শপথ বঙ্গভবনেই অনুষ্ঠিত হয়েছে। সেই হিসেবে এবারই প্রথম ভিন্ন ভেন্যুতে এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজন হতে যাচ্ছে।
শপথ অনুষ্ঠান প্রস্তুতির সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে তুলনামূলকভাবে কম আনুষ্ঠানিকতা থাকে। আলাদা করে অতিথি আমন্ত্রণ বা বড় ধরনের আপ্যায়নের প্রয়োজন হয় না। তবে মন্ত্রিসভার শপথে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ, তাদের আপ্যায়ন, পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করানোসহ একাধিক ধাপের কার্যক্রম থাকে। শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত হওয়ায় এসব বিষয় নতুনভাবে পরিকল্পনা করতে হচ্ছে।



