বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের বার্তা
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরী
আলমগীর হুসাইন: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৩১ আগস্ট) লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।
তারেক রহমান বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার সুরক্ষায় কাজ করে আসছে।
তিনি অতীত ইতিহাস তুলে ধরে বলেন, স্বাধীনতার পর দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছিল। সেই দুঃসময়ে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবিত করে জনগণকে নাগরিক স্বাধীনতা ফিরিয়ে দেন। পরবর্তীতে বিএনপি একাধিকবার সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় এসে দেশ ও জনগণের কল্যাণে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে।
তারেক রহমান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে বলেন, ৯০-এর দশকে সামরিক শাসন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে ক্ষমতায় এসে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র চালু করাও বিএনপির বড় অর্জন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, প্রবাসী আয়, ব্যাংক ঋণ ও নারীর ক্ষমতায়নে যুগান্তকারী অগ্রগতি হয়েছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনিও প্রসারিত হয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকায় দেশ দুর্ভিক্ষমুক্ত হয় ও অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়ায়।
তারেক রহমান নেতাকর্মীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এখনও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, দেশের জনগণের দুঃখ-কষ্ট লাঘব, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য থাকবে।



