খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের পাশে – তিন দিনের রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে প্রয়াত নেত্রীকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে জানাজা ও দাফনের এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তগুলো জানানো হয়।
এদিন সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৈঠকের শুরুতেই খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং জানাজার দিন এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
দেশের রাজনীতিতে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় সক্রিয় ভূমিকা রাখা খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। তাঁর ইন্তেকালে জাতীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button