খালেদা জিয়ার চিকিৎসায় নতুন চীনা বিশেষজ্ঞ দল আজ রাতে, আগামীকাল ঢাকায় আসবে যুক্তরাজ্যের মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন অবস্থায় থাকায় তাঁর চিকিৎসায় যুক্ত হতে ঢাকায় আসছে আরও দুই দেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দলীয় সূত্র জানায়, চীনের একদল বিশেষজ্ঞ চিকিৎসক আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আর আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম ঢাকায় আসবে।

দলীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশি চিকিৎসকদের আগমন ধারাবাহিকভাবে চলছে। এর অংশ হিসেবে সোমবারই বিদেশি বিশেষজ্ঞদের একটি দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটজনক হলেও চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি না হলেও পরিস্থিতি স্থিতিশীল রাখা যাচ্ছে।

গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে ভর্তি করা হয়। এরপর থেকেই ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা ও চোখের নানা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। চিকিৎসায় নতুন বিদেশি বিশেষজ্ঞ দল যুক্ত হওয়ায় তাঁর উন্নত চিকিৎসা ব্যবস্থার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন দলের নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button