আট দফা অঙ্গীকারে শপথ নিল ছাত্রদল সমর্থিত ডাকসু প্যানেল
ডাকসু নির্বাচন
বঙ্গবার্তা প্রতিবেদকঃ আসন্ন ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে অংশ নিতে যাওয়া ছাত্রদল–সমর্থিত প্যানেলের প্রার্থীরা আট দফা অঙ্গীকারে শপথ নিয়েছেন। রবিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের ঐতিহাসিক বটতলায় আয়োজিত এক অনুষ্ঠানে এই শপথ পাঠ করা হয়।
শপথ পাঠ করান সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ প্যানেলের ২০৫ জন প্রার্থী।
শপথপাঠ শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। পরে আটটি দফায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি উচ্চারণ করেন প্রার্থীরা।
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি রোধ:
অতীতে চালু থাকা জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও ভিন্নমতের দমনসহ অপসংস্কৃতি প্রতিরোধের অঙ্গীকার।
গণতন্ত্র রক্ষার লড়াইয়ের প্রস্তুতি:
অতীতের আন্দোলনের চেতনায়, ভবিষ্যতের যেকোনো অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা।
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন:
সম–অধিকার, নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা ও ক্ষমতায়নের প্রতিশ্রুতি।
হল ও মৌলিক সুবিধার নিশ্চয়তা:
বৈধ সিট, স্বাস্থ্যসম্মত খাবার, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার।
অনলাইন নিরাপত্তা:
সাইবার বুলিং, ভুয়া তথ্য ও ডিজিটাল অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি।
আধুনিক ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় গড়া:
শিক্ষা, গবেষণা, খেলাধুলা ও ক্যারিয়ার গঠনে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের প্রতিজ্ঞা।
রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা:
প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক আচরণ নিশ্চিত করার কথা পুনর্ব্যক্ত।
প্রতিটি শপথ বাস্তবায়নের অঙ্গীকার:
স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস।
শপথ শেষে বক্তব্যে আবিদুল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীদের মূল্যবান ভোটে আমাদের প্যানেল বিজয়ী হলে, এই শপথ বাস্তবায়নের জন্য আমরা প্রতিটি পদক্ষেপে দায়বদ্ধ থাকব। একসঙ্গে আমরা গড়ব একটি সাম্য, মানবিক ও শিক্ষার্থীবান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়।”
এদিকে, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান জানান, “এবারের ডাকসু নির্বাচনে আমাদের মূল বার্তা হচ্ছে ‘প্রতিশ্রুতি নয়, অঙ্গীকারে প্রতিজ্ঞাবদ্ধ।’ আজকের শপথ সেই অঙ্গীকারের প্রমাণ।”
ডাকসুতে অংশগ্রহণকারী এই প্যানেল এবার নির্বাচনী প্রচারণায় ভিন্নমাত্রা যোগ করেছে। শুধু নির্বাচনী ইশতেহার নয়, সরাসরি শপথ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নিজেদের অঙ্গীকার তুলে ধরেছে। এটি শিক্ষার্থীদের মাঝে আস্থার নতুন জায়গা তৈরি করতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।



