জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে ৬৪ জেলার এসপি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় ম্যানুয়াল লটারি আয়োজনের মাধ্যমে এসব এসপি নির্বাচন করা হয়।
লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরাও প্রক্রিয়াটিতে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেখান থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত করা হয় ৬৪ জন কর্মকর্তাকে। পর্যায়ক্রমে প্রজ্ঞাপন জারি করে তাদের সংশ্লিষ্ট জেলায় পাঠানো হবে।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে চলতি মাসের শুরুতেই বদলি-পদায়নের উদ্যোগ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর। প্রধান উপদেষ্টার নির্দেশনায় যোগ্য কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে কমিটির হাতে দেওয়া হয় এবং লটারির মাধ্যমে জেলা অনুযায়ী পদায়ন নিশ্চিত করা হয়।
নির্বাচনকালীন প্রশাসন নিরপেক্ষ ও পেশাদারিভাবে দায়িত্ব পালন করবে এমন প্রত্যাশা থেকেই এ ধরনের লটারি পদ্ধতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।



