শিক্ষকদের আন্দোলন নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা: নবউদ্যমে শ্রেণিকক্ষে ফেরার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে অবদান রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৭.৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি আগামী বছরের জুলাই মাস থেকে আরও ৭.৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনাও গৃহীত হয়েছে।

প্রধান উপদেষ্টার পোস্টে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক দিনগুলোতে তিনি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবি নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে অংশ নেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

অধ্যাপক ইউনূস বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের দাবিকে যৌক্তিক বলে মনে করে। তবে ১৫ বছরের সীমাহীন দুর্নীতি ও লুটপাটে বিপর্যস্ত অর্থনীতিকে এখনই ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির মতো অবস্থানে নেওয়া সম্ভব হয়নি। বাস্তবতা বিবেচনায় সরকার ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”

পোস্টে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারসহ সংশ্লিষ্ট সবাইকে তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, “আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরে আসবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button