নির্বাচনকে ঘিরে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু

বঙ্গবার্তা প্রতিবেদকঃ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। নির্বাচনকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের অভিজ্ঞতা ভুলে গিয়ে পুলিশকে নতুন করে জনগণের আস্থা অর্জন করতে হবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “পুলিশকে কোনো রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে হবে। ধৈর্য ও আইনি প্রক্রিয়ায় সব পরিস্থিতি মোকাবিলা করতে হবে। স্বচ্ছতা থাকলে জনগণ আস্থা রাখবে।”
বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, নির্বাচন উপলক্ষে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ পরিচালিত হবে।
নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে। একটি ১৫ মিনিটের অডিও-ভিজুয়াল কনটেন্ট এবং একটি ৯ মিনিটের শিক্ষামূলক চলচ্চিত্র। এছাড়া প্রস্তুত করা হয়েছে একটি তথ্যবহুল বুকলেট, যা প্রশিক্ষণার্থীদের মধ্যে বিতরণ করা হবে।
এই প্রশিক্ষণের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। প্রশাসনের প্রত্যাশা, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা জনগণের প্রতি দায়িত্বশীল ও পেশাদার আচরণ প্রদর্শনে সক্ষম হবেন।



