রাজধানীর পান্থপথে গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পান্থপথে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম আজিজুর রহমান মুসাব্বির। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ছিলেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে পান্থপথের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে এ গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল বিআরবিতে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজিজুর রহমান মুসাব্বির ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার কারণ এবং জড়িতদের পরিচয় জানতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



