ঢাকা-১২ আসনে কোদাল প্রতীকে ঐক্যের বার্তা, ভোটের ডাক তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১২ আসনে জোট প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোদাল প্রতীকের বিজয় মানেই জোটের বিজয়। তিনি বলেন, কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকায় জোটের সিদ্ধান্তে তাকে প্রার্থী করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত নির্বাচনি প্রচারণা সভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, কোদাল প্রতীক দেশের উন্নয়ন ও শ্রমনির্ভর রাজনীতির প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই প্রতীক হাতে নিয়ে খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় ঢাকা-১২ আসনে উন্নয়ন ও পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় তিনি আনুষ্ঠানিকভাবে কোদাল প্রতীক তুলে দিয়ে প্রার্থী সাইফুল হককে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, কোদাল মানুষের শ্রম, সভ্যতা ও পরিশ্রমের প্রতীক। এই প্রতীক ব্যবহার করেই এলাকার পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন ও জনস্বার্থমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।
নির্বাচনি সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। মঞ্চে উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, ডা. মোসরেকা অদিতি হক, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, এল রহমান, তোফায়েল, ইঞ্জিনিয়ার আরজুসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে ঢাকা-১২ আসনের তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরে বাংলা নগর থানার আওতাধীন সকল ওয়ার্ড ও ইউনিট থেকে নেতাকর্মীরা অংশ নেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও তাতী দলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সভাস্থল মুখরিত হয়ে ওঠে।



