প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবন যমুনায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে তারেক রহমানের গাড়িবহর যমুনায় পৌঁছায়।
বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। জনাব তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তিনি। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন জনাব তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই যমুনায় গেছেন তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই ফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন তারেক রহমান। দেশে ফেরার ২১ দিনের মাথায় এবার সরাসরি সাক্ষাতে বসছেন তারা। যদিও এর আগে গত ৩১ ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় দুজনের সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল।
এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন। রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হয়, সেই বৈঠক থেকেই বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যমুনা ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



