আজ পদত্যাগ করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগেই পদত্যাগ করছেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
তারা জানিয়েছেন, আজ বুধবার সন্ধ্যায় কিংবা আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে। সেই ঘোষণার আগেই দুই উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াবেন। গতকাল মঙ্গলবারই তাঁরা সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বেলা তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন।
সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠকে গতকাল দুই উপদেষ্টার পদত্যাগের প্রসঙ্গ ওঠে। পরে সন্ধ্যায় বিষয়টি চূড়ান্ত হয়। সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায় আগে থেকেই মনে করে আসছিল যে তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদে থাকা উচিত নয় তারা নির্বাচন করুন বা না করুন। তাই দীর্ঘদিন ধরে তাঁদের পদত্যাগের জন্য অনুরোধ জানানো হচ্ছিল।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের মধ্যে তিনজন উপদেষ্টা পরিষদে জায়গা পান। নাহিদ ইসলাম পরে উপদেষ্টা পদ ছেড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন। তাঁর জায়গায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।
দুই উপদেষ্টার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এখনো স্পষ্ট নয়।
আসিফ মাহমুদ সম্প্রতি ধানমন্ডিতে ভোটার হয়ে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে নামার ইঙ্গিত দিয়েছেন। তিনি স্বতন্ত্র নাকি কোনো দল থেকে প্রার্থী হবেন তা পরিষ্কার নয়।
মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ আসন থেকে ভোট করার ভাবনা প্রকাশ করেছিলেন, তবে বিএনপি নতুন প্রার্থী ঘোষণা করায় তাঁর সম্ভাবনা কমে গেছে।
এনসিপিতে তাদের কোনো আনুষ্ঠানিক পদ না থাকলেও দলের অভ্যন্তরে এই দুই উপদেষ্টার প্রভাব রয়েছে বলে জানা যায়। সদ্য ঘোষিত নতুন রাজনৈতিক জোটেও এনসিপির ভূমিকা বাড়ছে, ফলে আসন্ন নির্বাচনে তাঁদের অবস্থান রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।



